ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জে আরও একটি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০১৭

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। অনুমোদন দেয়া হচ্ছে বেসরকারি খাতের নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের। এরই অংশ হিসেবে নারায়ণঞ্জ জেলার মেঘনা ঘাটে ডুয়েল-ফুয়েলভিত্তিক ৫৩০ থেকে ৫৯০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

এটি স্থাপন করবে বেসরকারি প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব সামিট লিমিটেট অ্যান্ড জিই। একইসঙ্গে এ কেন্দ্রের মেয়াদ ও ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরও আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন করে কমিটি।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন,
এ কেন্দ্রে গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রে কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৫৪৬ টাকা। আর আর-এলএনজি দিয়ে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রে কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৪৪৮৭ টাকা। এছাড়া ডিজেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রে কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৬০৫১ টাকা। এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২২ বছর বিদ্যুৎ কিনবে সরকার।

মোস্তাফিজুর রহমান বলেন, বৈঠকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা অ্যাপ্রোজ রোড অ্যান্ড সিলেক্টেড ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিস নির্মাণ কাজের মূল্যবৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। আগে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। আজকের বৈঠকে ২২১ কোটি ৬০ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে এখন এ প্রকল্পের ব্যয় দাঁড়াল ১ হাজার ৩১৮ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ২০ টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচটি ২০ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোটসহ অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহের একটি ক্রয়প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এসব সরঞ্জামাদি সরবরাহের কাজ পেয়েছে কর্নফুলি শিপ বিল্ডার্স লিমিটেড। এতে ব্যয় হবে ৫০৬ কোটি ৮৫ লাখ টাকা।

বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ওই একই প্রকল্পের আওতায় পাঁচটি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোটসহ অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহের অন্য আরেকটি ক্রয় প্রস্তাবও অনুমোদন করে কমিটি। এসব সরঞ্জামাদি সরবরাহের কাজও পেয়েছে কর্নফুলি শিপ বিল্ডার্স লিমিটেড। এতে ব্যয় হবে ৪৫৪ কোটি ৬৫ লাখ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ‘সাইট ডেভেলপমেন্ট অ্যান্ড কনসট্রাকশন এমব্যাংকমেন্ট ফর মীরসরাই-২- ইজেড’ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি ৩০ লাখ টাকা।

এছাড়া জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি, বিদ্যুাৎ বিভাগের একটি ও খাদ্য মন্ত্রণালয়ের চাল আমদানি সংক্রান্ত দুইটি ক্রয়প্রস্তাবের অনুমোদ দিয়েছে কমিটি।

এমইউএইচ/জেডএ/জেআইএম

আরও পড়ুন