মেধাবী জাতি গঠনে কাজ করে যাচ্ছে সরকার
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান সরকার একটি মেধাবী ও সৃজনশীল জাতি গঠনে কাজ করে যাচ্ছে। সেজন্য সরকার মেধাসম্পদ সুরক্ষায় বদ্ধপরিকর এবং যুগোপযোগী কপিরাইট আইন প্রণয়নে আন্তরিক। এ লক্ষ্যে সকল অংশীজনদের পরামর্শ মোতাবেক আইনটিতে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন এনে দ্রুত পাসের ব্যবস্থা করা হবে।
আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় ‘সংগীতের স্বত্ব সুরক্ষায় কপিরাইট আইনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী কপিরাইটের গুরুত্ব উপলব্ধি করে ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৩তলা বিশিষ্ট কপিরাইট ভবন প্রকল্প অনুমোদন করেছেন। সৃজনশীল ব্যক্তিবর্গের আর্থিক ও নৈতিক অধিকার সুরক্ষায় আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বামবার প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুল হক মাকসুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা। সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী।
এমইউ/এনএফ/জেআইএম