ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পাট মন্ত্রণালয়াধীন সংস্থার অব্যবহৃত জমি চিহ্নিতে কমিটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন দফতর বা সংস্থার অব্যবহৃত জমি চিহ্নিত করে তা ব্যবহার বা ব্যবস্থাপনার উদ্দেশ্যে নীতিমালা প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (আইন)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান, বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড (বাতাবো) চেয়ারম্যান, লিকুইডেটর (লিকুয়েডেশন সেল)।

মন্ত্রণালয়ের উপ-সচিব (সমন্বয় ও সংসদ) কমিটিতে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দফতর বা সংস্থার অব্যবহৃত জমি-জমা চিহ্নিত করে আগামী ২ মাসের মধ্যে নীতিমালা প্রস্তুত করে, মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে।

বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন ৯টি দফতর বা সংস্থা আছে। তা হলো- বাংলাদেশ জুট কর্পোরেশন, বস্ত্র পরিদফতর, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, বস্ত্র অধিদফতর, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি), বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং পাট অধিদফতর।

আরএমএম/জেডএ/এমকেএইচ

আরও পড়ুন