মাচাংয়ের সঙ্গে ভেঙে গেল শফিউল্লাহর স্বপ্ন
প্রতীকী ছবি
রাজধানীর শাহ আলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শফিউল্লাহ (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকায় এসে কাজ করে সচ্ছল হয়ে চাঁপাইনবাবগঞ্জে ফিরে পরিবারের সঙ্গে বাকি জীবন কাটানোর কথা ছিল তার। তবে নির্মাণাধীন ভবনের মাচাংয়ের সঙ্গে চুরমার হলো তার স্বপ্ন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম রাশেদ। ঢাকায় ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
শফিউল্লাহর সহকর্মী মো. সবুজ মিয়া বলেন, মিরপুরের চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের সামনের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সকালে ৮ তলার বাইরের অংশে পাশে মাচাং বেঁধে কাজ করছিলেন। তখন মাচাং ভেঙে নিচে পড়ে যায়। এতে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমি তার সঙ্গেই থাকতাম, রাতে ঘুমাতাম। প্রায়ই তার পরিবারের সঙ্গে চাঁপাইয়ে ফিরে সুখে জীবনযাপনের কথা বলত সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। থানায় জিডি শেষে তার মরদেহ হস্তান্তর করা হবে।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর
- ২ সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় নিয়োগে দুর্নীতি, মামলার সিদ্ধান্ত
- ৩ চট্টগ্রামে ২২ ছিনতাইকারী ও ৯ কিশোর গ্যাং সদস্যসহ ৪৫ জন গ্রেফতার
- ৪ উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি
- ৫ স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, ঠিক করবেন তারেক রহমান