বৃষ্টি হতে পারে আরো ২ দিন
মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার থেকে সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আরো দু’দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শনিবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা তিন নম্বর সতর্ক সংকেত রোববারও বহাল আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে আগামী শুক্রবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বৃষ্টি চলতে থাকলে দুর্ভোগে পড়বে ঈদে ঘরে ফেরা মানুষ।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে।
মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদফতরের বৃষ্টি পরিমাপক কেন্দ্র থেকে জানা গেছে, শনিবার প্রায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ১১৯ মিলিমিটার। রোববার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং দেশের অন্যত্র মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা জরুরি
- ২ স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, ঠিক করবেন তারেক রহমান
- ৩ বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ৫ রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার দিলো জাপান