দুই দিনে রাতের তাপমাত্রা আরও কমবে
দেশের নদী অববাহিকায় আজ রাত ২টার ৫ থেকে ৬ ঘণ্টা মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এর ফলে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
অন্যদিকে বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের তথ্যমতে, আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
বুধবার সন্ধ্যার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে রাজধানীর তাপমাত্রা কমে গেছে। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপামাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সূর্য উঠবে ভোর ৬টা ৩৬ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে।
পিডি/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী