শিক্ষার্থীদের ভিসা জটিলতা সমাধানে যুক্তরাষ্ট্রকে অনুরোধ
ফাইল ছবি
বাংলাদেশি যেসব শিক্ষার্থী ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না তাদের ভিসা ইস্যু সমাধানের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
শুক্রবার (৭ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে শরণার্থীদের আশ্রয়ে রোহিঙ্গাদের অগ্রাধিকার দেয়ার জন্য অনুরোধ জানান। বাইডেন প্রশাসন চলতি বছর ৬২ হাজার ৫০০ জন এবং আগামী বছর এক লাখ ২৫ হাজার শরণার্থী আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি বিবেচনায় নেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ভাসানচরসহ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দুই কোটি ডোজ করোনা টিকা দেয়ার অনুরোধ করেন ড. মোমেন।
এর আগে বৃহস্পতিবার ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্রের কাছে ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষিত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জরুরিভাবে ৪০ লাখ ডোজ টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন- তিনি এটা জোরালোভাবে দেখছেন।
এআরএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ২ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৩ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
- ৪ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ