৯৯৯-এ ফোন করে মেহজাবিন বলেন ‘মা-বাবা-বোনকে হত্যা করেছি, আসেন’
রাজধানীর কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও ছোট বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন মুনকে (২৪) আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়েছেন বড় বোন মেহজাবীন মুন। মা-বাবাসহ ছোট বোনকে হত্যা করে ৯৯৯-এ ফোন দেন তিনি নিজেই। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকা থেকে স্বামী, স্ত্রী ও মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। আটক মেহজাবিন থাকেন আলাদা বাসায়। মায়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)।
শনিবার (১৯ জুন) বিকেলে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জাগো নিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, কদমতলীর মুরাদপুর এলাকায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ ও নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তাদের হত্যা করা হয়।
এসআই বলেন, নিহতের বড় মেয়ে মেহজাবিন সকালে ৯৯৯-এ ফোন দিয়ে বলেন, ‘মা-বাবা ও ছোট বোনকে হত্যা করেছি। আপনারা আসেন। এসে আমাকে ধরে নিয়ে যান।’

সূত্রে জানা যায়, গত দুদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন মেহজাবিন। এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকীয়া রয়েছে বলে বাবা-মাকে অভিযোগ করেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়। তার জেরেই হয়তো তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, সম্পত্তি নিয়েও পরিবারের সঙ্গে বিরোধ ছিল মেহজাবিনের। সম্পত্তি লিখে দেয়ার জন্য বাবা-মাকে অনেক চাপ দিতেন তিনি। এ নিয়ে এর আগে সালিশ-বৈঠকও হয়েছে স্থানীয় পর্যায়ে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জাগো নিউজকে বলেন, সকালে আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি। আমরা মরদেহগুলো হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছি। মাসুদ রানার বড় মেয়ে (মেহজাবিন) তাদের হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
টিটি/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ২ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৩ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৪ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৫ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না