সব মুক্তিযোদ্ধা পাবেন ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট পরিচয়পত্র
‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু/ছবি: মাহবুব আলম
দেশের সব বীর মুক্তিযোদ্ধাই ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারন আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মুক্তিযোদ্ধাদের ঠিকানায় এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান সিইসি।
অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- শাহজাহান ওমর বীর উত্তম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ডা. জাফরুল্লাহ চৌধুরী, শব্দসৈনিক শাহীন সামাদ, নাট্যকার হাসান ইমাম, শেখ শহীদুল ইসলাম, আ স ম ফিরোজ, শামসুল হক টুকু, নুরুল ইসলাম নাহিদ, রানা দাশগুপ্ত, আনোয়ার বেগম, রশিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সিইসি কেএম নূরুল হুদাও স্মার্ট কার্ড গ্রহণ করেছেন।
এর আগে বিশেষ অতিথির বক্তব্যে সিইসি বিদ্যমান ডাটাবেজে নতুন কিছু যোগ বিয়োগের জটিলতার কথা তুলে ধরে বলেন, আমাদের ডাটাবেইজ যেভাবে তৈরি করা তাতে নতুন কোনো বর্ণ বা শব্দ যোগ করা কিছুটা জটিল। আমাদের তথ্যপ্রযুক্তিবিদরা অনেক খাটাখাটনি করে এটা করেছেন। ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ যুক্ত করতে গিয়ে প্রথমবার একটু জটিলতা হয়েছে। তবে, এখন আর জটিলতা নেই। আমরা সব মুক্তিযোদ্ধাকে এই কার্ড সরবরাহ করতে পারবো।
এসময় ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। তবে এটা যেন এখানে সীমাবদ্ধ না থাকে। আজকে আমরা যেভাবে সম্মানের সঙ্গে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছি, দেশের সব মুক্তিযোদ্ধা যদি এভাবে অনুষ্ঠানের মাধ্যমে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট কার্ড পায় সেটাই হবে এই অনুষ্ঠানের স্বার্থকতা।
আইএইচআর/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত