যৌতুক চাওয়ায় স্বামীকে তালাক, প্রতিশোধ নিতে শ্বশুরকে কুপিয়ে হত্যা
গ্রেফতার সালাউদ্দিন সানা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় সালাউদ্দিন সানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৮ জুন) রাতে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানায়, গত ২২ জুন রাতে নিজ বাড়িতে আজগর আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নিহতের মেয়ের সাবেক স্বামী সালাউদ্দিন সানাকে (২৮) গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেফতার সালাউদ্দিন সানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মুক্তা ধর বলেন, নিহত আজগর আলী আসামির আপন খালু এবং দ্বিতীয় শ্বশুর। তিনি ২০১৫ সালে প্রথম বিয়ে করেন। পরে ২০১৮ সালে খালাতো বোন শিল্পী পারভীনকে (২২) বিয়ে করেন সালাউদ্দিন। দিনমজুর সালাউদ্দিন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী পারভীনকে মারধর করতেন।
সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর
এরই ধারাবাহিকতায় গত ৮ জুন রাতে স্ত্রী পারভীনকে মারধর করেন সালাউদ্দিন। খবর পেয়ে পারভীনের বাবা আজগর আলী সালাউদ্দিনের বাড়ি গিয়ে বিস্তারিত জানতে চান। তখন সালাউদ্দিন যৌতুকের দাবি করলে আজগর এক লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু তখনই নগদ টাকা না দিলে পারভীনের সঙ্গে সংসার করবেন না বলে হুমকি দেন।
এসময় সালাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে স্থানীয় কাজীর মাধ্যমে পারভীনকে তালাক করিয়ে তাকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যান আজগর আলী।
সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, এর ফলে আজগর আলীর ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করতে থাকেন সালাউদ্দিন। সে অনুযায়ী ২১ জুন রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত আজগরকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান সালাউদ্দিন ও তার দুই সহযোগী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২২ জুন ভোরে তিনি মারা যান।
টিটি/কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর
- ২ সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- ৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
- ৪ রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ৫ ধূমপানের প্রবণতা কমেছে গণপরিবহনে: গবেষণা