ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ইউপি নির্বাচন : মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ মার্চ ২০১৬

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  ৩১ মার্চ এসব  ইউপিতে ভোট হবে।

এসব ইউপিতে মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের সব ধরণের প্রচার-প্রচারণা। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচনী এলাকায় নামছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী অপরাধের সাজা দিতে সাথে থাকছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। তবে এ ধাপের জন্য বাড়তি কোন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্বাচনী এলাকায় সোমবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে বলে জানিয়েছে ইসি।

ইসি সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম বলেন, দ্বিতীয় ধাপের ৬৪৩টি ইউপি নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় চার কোটি ব্যালট পেপার জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। এসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার থেকে মাঠে নামছে। এছাড়া নির্বাচনী অপরাধের সাজা দিতে সাথে থাকছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা।

ইসি কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপেও আওয়ামী লীগের ৩১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপে ৬৪৩ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ১৭টি রাজনৈতিক দলের এক হাজার ৫০৭ ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ১৭৭ জন।

মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাঠে নামছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ৪৭ জেলায় এসব ইউপির দায়িত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও অপরাধ তদারকিতে মাঠে থাকবেন।

ইসি সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম জানান, ভোটের দুদিন আগে থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আগের ধাপের মতোই এ ধাপে নিরাপত্তা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। সহিংসতা রোধে বাড়তি কোন নিরাপত্তা নেয়া হয়নি বলেও জানান তিনি। বিষয়টি নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজও স্বীকার করেছেন। তিনি বলেছেন, আগের ধাপের মতোই এ ধাপে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

ইসির ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

এইচএস/এআরএস/পিআর