ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তিন দফা দাবিতে গাবতলীতে শ্রমিক-মালিক সংগঠনের সমাবেশ

প্রকাশিত: ০৮:০৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

সরকারের কাছে তিন দফা দাবি জানিয়ে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সমাবেশ করেছে তিনটি শ্রমিক-মালিক সংগঠন। শুক্রবার দুপুর ১২টায় গাবতলী বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে যান চলাচলের উপর অবরোধও প্রত্যাহার করে নেয়ায় মিরপুর সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

দাবিগুলো হচ্ছে- অবৈধ দখল চেষ্টাকারীদের দমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কর্তৃক বাস ও মিনিবাস ভাংচুর বন্ধ এবং রাজধানীতে সব ধরণের অবৈধ যান চলাচল নিষিদ্ধ করা।

সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, আমরা বৈধ নির্বাচনের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের দায়িত্ব নিয়েছি। কিন্তু এই এলাকার সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিনা আক্তার জোর করে তার সমর্থিত লোকজনদের দিয়ে শ্রমিক কার্যালয় দখলের চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন বলেন, ঢাকায় অবৈধভাবে অসংখ্য যানবাহন চলাচল করছে। এদিকে সরকারের উচিত কঠোর নজরদারি। অবৈধ যানবাহন বন্ধ হলে যানজটও কমে যাবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাজী আমানুল্লাহ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কর্তৃক বাস ও মিনিবাস ভাংচুর করছে। এতে করে মালিক ও শ্রমিকরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবেও দাবি করেন।

Gabtoli

ঢাকা বাস-ট্রাক অনার্স গ্রুপের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, এমপি সাবিনা আক্তার বহিরাগত কথিত শ্রমিকদের নিয়ে আগামীকাল (শনিবার) মিটিং ডেকেছেন। সেখানে তিনি প্রধান অতিথি। ওই মিটিংয়ের উদ্দেশ্য মূলতঃ বৈধ শ্রমিক-মালিকদের কার্যালয় দখলের চেষ্টার অংশ। এই মিটিং বন্ধ করা না হলে পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। আমাদের লোকজন গিয়ে সমাবেশ বন্ধ করে দেবে।

এর আগে শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর সড়কে যান চলাচলে অবরোধ করে শ্রমিক ও মালিক সংগঠনগুলো। সমাবেশকারী সংগঠনগুলো হচ্ছে, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা বাস-ট্রাক অনার্স গ্রুপ।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বলেন, যান চলাচলে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তারা তিনটি দাবি উত্থাপন করেছেন। সে দাবি সরকারের কাছে। তাছাড়া আগামীকাল (শনিবার) অপর এক শ্রমিক ফেডারেশনের মিটিং বন্ধেও আল্টিমেটাম দিয়েছেন তারা।

সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জেইউ/আরএস/এবিএস