ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিবির হাতেই ইয়াবাসহ ডিবির এসআই গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

এবার খোদ রাজধানীতেই গোয়েন্দা (ডিবি) পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ১ হাজার ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে জড়িত আরো ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডিবি সদস্যের নাম কাজী বরকত উল্লাহ। বাকি দুজন হলেন আজিজুর রহমান ও তার স্ত্রী সেতারা বেগম। স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা সরবরাহকারী বলে জানা গেছে।

গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের এক সূত্র নিশ্চিত করেছে। ঘটনার দিনগত রাতেই লালবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রটি জানায়, লালবাগের কাশ্মিরীটোলা এলাকার একটি বাসায় শনিবার অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানকালে এসআই কাজী বরকত উল্লাহ, আজিজুর রহমান ও সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির টাকাও।

রাতেই ডিবির এসআই আব্দুল গফুর মিয়া বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে লালবাগ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

ডিবি পুলিশের সূত্রটি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানায় বরকত উল্লাহ এসআই হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত অপর দুজন আজিজুর ও সেতারা ইয়াবার চালান বরকত উল্লাহর কাছে পৌঁছে দিতেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মাদক সংক্রান্ত বিষয়ে ওই মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, আসামিদেরকে ধরেছে ডিবি পুলিশই। তবে মামলা হয়েছে আমার থানায়। আসামিদের ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

জেইউ/বিএ