পানামা কেলেঙ্কারি : বাংলাদেশিদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক
আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশিদের তথ্য অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় কোনো কোনো সংবাদ মাধ্যমে বাংলাদেশিদের নাম এসেছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য একথা জানান। তিনি বলেন, যদিও কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানের জন্য কমিশনের উপপরিচালক আখতার হামিদ ভূঞাকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের সুবিধার্থে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বিদেশ থেকে তথ্য সংগ্রহও করা হবে।
মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় গত সোমবার। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিকটাত্মীয়দের নাম আসে। এ তালিকায় আরও আছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও এক মেয়ের নাম।
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি, ভারতের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বরিয়ারও নাম পাওয়া গেছে ওই নথিতে।
মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায় ৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে।
ঘটনা প্রকাশ হওয়ার পর গত মঙ্গলবার পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন।
এসএ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী