ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সাফল্যের বিরুদ্ধে বিদেশি অপপ্রচার রুখে দিন : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

দেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্রচর্চা ও জঙ্গিদমনে সাফল্যের বিরুদ্ধে বিদেশী অপপ্রচার রুখে দিতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে দৈনিক থেকে বাৎসরিক পর্যন্ত সবমিলিয়ে প্রায় ২ হাজার ৮ শত পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। টেলিভিশন, এফ এম রেডিও, কমিউনিটি রেডিও, অনলাইন সবই স্বাধীনভাবে বেসরকারি খাতে পরিচালিত ও বিকশিত হচ্ছে। কোনো অভিযোগও আসেনি। এরপরও বিদেশি কোনো সংস্থা যদি লেখে বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে, তা অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যনির্ভর নয়।’

হাসানুল হক ইনু এসময় দেশের গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘গণতন্ত্র কোনো কাঁচপাত্র নয়। দু’একটি বিচ্ছিন্ন সংবাদবিভ্রাটে যেমন গণমাধ্যম ভেঙ্গে পড়ে না, তেমনি দু’একটি বিচ্ছিন্ন সন্ত্রাস-হত্যাকান্ড বা ৯৩ দিনের আগুনসন্ত্রাস কিংবা রেলের ফিশপ্লেট খুললেই গণতন্ত্রও ভেঙ্গে পড়ে না।’

জঙ্গি-সন্ত্রাসী অপতৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী ব্রাসেলস্ ও প্যারিসের সাম্প্রতিক এবং যুক্তরাষ্ট্রে টুইন-টাওয়ারসহ বিভিন্ন জঙ্গি হামলায় নিহত হাজার হাজার মানুষকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকায় জঙ্গি হামলার তীব্রতা বহুগুণ বেশি। বাংলাদেশ তাদের চাইতে অনেক বেশি নিরাপদ এবং সরকার জঙ্গিদমনে অনেক বেশি সফল।’ এ প্রসঙ্গে দেশের নিম্ন আদালতে জঙ্গি-হত্যাকান্ডের ৭৫ জন আসামীর ফাঁসির দণ্ডাদেশের কথাও উল্লেখ করেন তিনি।

এবছরের জানুয়ারিতে ৭৩ বছর বয়সে প্রয়াত সাবেক দৈনিক অবজারভারের প্রধান প্রতিবেদক আজিজুল হকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে হাসানুল হক ইনু প্রয়াত সাংবাদিকের ছেলে তানভীর আজিজের হাতে ডিআরইউ প্রদত্ত তিন লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। তথ্যমন্ত্রী এসময় ডিআরইউকে পেশাজীবীদের একটি কল্যাণধর্মী  সংস্থা হিসেবে বর্ণনা করে এর কর্মকাণ্ডের প্রশংসা করেন।

একইসাথে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘সাংবাদিকদের জন্য সরকার যে কল্যাণ ট্রাস্ট করেছে, সরকারি থোক বরাদ্দ এবং দানশীলদের সহায়তায় তা শক্তিশালী হবে এবং গণমাধ্যমকর্মীদের সাহায্যে প্রস্তুত থাকবে। অবশ্য এ সাহায্য পেতে নামমাত্র ফি’ দিয়ে এর ট্রাস্টের সদস্ হবার বিধান রয়েছে। সকল সাংবাদিকদের এর সদস্য হবার আহ্বান জানাচ্ছি।’

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডিআরইউ  সভাপতি শফিকুল ইসলাম সাবু, জ্যেষ্ঠ সাংবাদিক কাশেম হুমায়ূন, প্রয়াত আজিজুল হকের জ্যেষ্ঠপুত্র তানভীর আজিজ প্রমূখ।

এসএ/এআরএস/এমএস