কোটা আন্দোলন
চট্টগ্রামে ১৫ মামলায় চূড়ান্ত প্রতিবেদন, শিক্ষার্থীদের অব্যাহতি
কোটা আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হামলায় আহত শিক্ষার্থী
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরে দায়ের করা ২৩ মামলার মধ্যে ১৫টিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এসব মামলার আসামি শিক্ষার্থীসহ ৬০৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থী ছাড়া আসামিদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদনগুলো জমা দেয় পুলিশ। এতে উল্লেখ করা হয় মামলার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। এখন আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করলে মামলাগুলো আর চলবে না।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) আবদুল মান্নান মিয়া বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরে হওয়া ২১ মামলায় আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে। এরইমধ্যে ১৫টির প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে। কেবল শিক্ষার্থী খুনের দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি।’
চূড়ান্ত প্রতিবেদন দেওয়া ১৫ মামলার মধ্যে কোতোয়ালি থানার পাঁচটি, পাঁচলাইশ থানার চারটি, বাকলিয়া ও আকবর শাহ থানার একটি করে দুটি, চান্দগাঁও এবং খুলশী থানার দুটি করে চার মামলা রয়েছে।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে গত ১৭ ও ১৮ জুলাই নগরের মুরাদপুর ও বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীসহ আটজন নিহত হন। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩টি মামলা করে। গ্রেফতার করা হয় শিক্ষার্থী, বিএনপি-জামায়াতের কর্মীসহ অন্তত ৮০০ জনকে। শুরু থেকেই পুলিশের করা এসব মামলা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহলে।
৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে গ্রেফতার আসামিরা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘পুলিশের করা খুনের মামলাটি তদন্ত করা হচ্ছে। প্রকৃত আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। আর নিহত এক শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা একটি মামলা পুলিশ গ্রহণ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।’
এর আগে বহদ্দারহাটে গুলিতে কলেজ শিক্ষার্থী তানভির সিদ্দিকী হত্যার ঘটনায়ও শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা দায়ের হয় চান্দগাঁও থানায়।
এএজেড/এসআইটি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ
- ২ বাংলাদেশ থেকে গুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো: আসিফ নজরুল
- ৩ হাদি হত্যায় জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে’ অন্তর্বর্তী সরকার
- ৪ জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ
- ৫ কৈশোরে পাকিস্তানে পাচার, বৃদ্ধা হয়ে দেশে ফিরছেন পাঁচ নারী