ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

টিএসসিতে খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিল, ছাত্রদল নেতাকর্মীদের ঢল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর টিএসসিতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় টিএসসির সবুজ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া পবিত্র আমানত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে। সেই আমানত রক্ষার দায়িত্ব নিতে হবে ছাত্রদলকে।

তিনি আরও বলেন, দেশের আপামর জনসাধারণকে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং সবার আগে জনগণকে প্রায়োরিটি (প্রাধান্য) দিয়ে তিনি যে রাজনীতি করতেন—তার সে আদর্শকে লালন করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত রাখবে ছাত্রদল।

গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত ২৩ নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কার্যত খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এক মাসের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশি-বিদেশি চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর সকালে চিরবিদায় নেন তিনি।

এফএআর/এমএএইচ/এমএমকে/এএসএম