ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ঢাকা-৬ আসন: জেন-জিদের মুখোমুখি জামায়াত প্রার্থী মান্নান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কেমন বাংলাদেশ চাই, বুড়িগঙ্গা কীভাবে দূষণমুক্ত হবে, পুরান ঢাকার যানজট নিরসনের উপায় কী, ভোটের পরেও কি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, কিংবা ওসমান হাদির বিচার কি হবে। এমন সব তীক্ষ্ণ প্রশ্ন ছিল জেন-জি সদস্যদের। আর এসব প্রশ্নের সরাসরি উত্তর দিতে তাদের মুখোমুখি হলেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ‘আধুনিক পুরান ঢাকা গড়ার প্রত্যাশায় জেন-জিদের মুখোমুখি ড. আব্দুল মান্নান’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তাদের নানা চাওয়া ও সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন।

তরুণদের জবাবে আব্দুল মান্নান বলেন, আমরা একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেখানে শিক্ষা ব্যবস্থা হবে পুরোপুরি প্রযুক্তিনির্ভর।

বুড়িগঙ্গাকে রক্ষা ও পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। যানজট নিয়ে ড. আব্দুল মান্নান বলেন, আমরা অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে চাই। প্রতিটি সড়ক হকার ও অবৈধ দখলমুক্ত করা হবে। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে নৌ-চলাচলের উপযোগী করার পাশাপাশি নদীর দুই পাড় দিয়ে বাইপাস সড়ক তৈরি করা হবে, যাতে মানুষ সহজে শহরের বাইরে যাতায়াত করতে পারে। এ ছাড়া মেট্রোরেলের একটি অংশকে পুরান ঢাকার সঙ্গে যুক্ত করার চেষ্টা করব।

‘নির্বাচিত হলে কি আমাদের সঙ্গে কথা বলবেন?—এমন প্রশ্নের উত্তরে মান্নান বলেন, আমি অঙ্গীকার করছি, নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করব এবং সবার সামনে কাজের হিসাব তুলে ধরবো। প্রতি ছয় মাস অন্তর অবশ্যই জেন-জিদের সঙ্গে অন্তত একবার আলোচনায় বসবো।

এক তরুণের প্রশ্নে উঠে আসে শহীদ শরিফ ওসমান হাদির বিচারের প্রসঙ্গ। জবাবে জামায়াত মনোনীত প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে সংসদের প্রথম বক্তৃতায় ওসমান হাদি হত্যার বিচার চাইব।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমডিএএ/এমএমকে