ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ঢাকা-১৮

নির্বাচিত হলে নারীদের জন্য বিশেষ পরিবহন চালু করা হবে: আরিফুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোটে নির্বাচিত হলে নারীদের জন্য বিশেষ পরিবহন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহন সার্ভিস চালু করা হবে, গণপরিবহনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া নারীদের জন্য বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান থানার নারী শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

একই সঙ্গে নির্বাচিত হলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, নারীর অধিকার রক্ষায় ঘর ও কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধা নয়; এটি নারীর মৌলিক অধিকার। নারীরা নিরাপদ ও সম্মানিত না হলে দেশের সার্বিক অগ্রগতি কখনোই সম্ভব নয়।

জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের এই প্রার্থী আরও বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়; এটি ভারতসহ অন্যান্য রাষ্ট্রের আধিপত্যবাদ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। একই সঙ্গে এটি দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও জীবনযাপনের স্বাধীনতা রক্ষার নির্বাচন।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর অঙ্গীকার।

বিএনপির সমালোচনা করে আরিফুল ইসলাম বলেন, দেশে বর্তমানে বিএনপি সন্ত্রাসকে প্রতিপালন করছে। নির্বাচন কেন্দ্র করে তাদের হামলার শিকার শুধু আমরা নই; দীর্ঘদিন ধরে যারা তাদের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, একসঙ্গে জেল-জুলুম সহ্য করেছে তারাও আজ বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত-নিহত হচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অভ্যন্তরীণ কোন্দলে তাদের দেড় শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। যারা নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াতের দক্ষিণখান পশ্চিম থানা আমির আবু সাঈদ শাহনাওয়াজ, নায়েবে আমির মো. মামুন ও সেক্রেটারি আলী হোসাইন মুরাদ এবং নারী বিভাগের উত্তরা পূর্ব জোন পরিচালিকা মর্জিনা খাতুন ও দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি ফাতেমা ইয়াছমিন রুমা।

ইএইচটি/এমআইএইচএস