শিশু খাদ্যের ওপর ভ্যাট রাখবে না জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে দলটি জানিয়েছে, শিশু খাদ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) থাকবে না। দরিদ্র গর্ভবতী ও প্রসূতি এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, নারী, শিশু ও পরিবারের উন্নয়নে পরিবার কাউন্সেলিং ও মোটিভেশন সেন্টার চালু করা, নিরাপদ বিদ্যালয় কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অনুদান ও সেবার পরিসর বাড়ানো হবে।
নারীর সম্পদের অধিকার নিশ্চিতে ধর্মীয় প্রচারণা বাড়ানো হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ভিকটিম নারীর সব প্রকার আইনি, মানসিক, আর্থিক সহায়তার জন্য প্রতিটি জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) স্থাপন করা হবে।
এছাড়া অভাবগ্রস্ত, সুবিধাবঞ্চিত বিধবাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে এককালীন পুঁজি সরবরাহ করা ও তদারকি করা হবে। হাসপাতালে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে নারী ভিকটিম ও নারী আসামির জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ইশতেহারে বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা, শিক্ষা, ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য আঞ্চলিক পর্যায়ে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নারী উন্নয়ন বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দাখিল করেছে, তা পর্যালোচনার জন্য একটি সংসদীয় কমিটি রাখা হবে।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে প্রকৃত তৃতীয় লিঙ্গদের শনাক্ত করে পুনর্বাসন করা হবে ও তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও চাকরির কোটা সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।
আরএএস/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন: এনসিপি
- ২ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আলাদা ট্রাইব্যুনালের ঘোষণা জামায়াতের
- ৩ ক্ষমতায় গেলে পুলিশের বেতন-আবাসন-চিকিৎসা নিশ্চিত করবে জামায়াত
- ৪ আইন সংস্কার ও ন্যায়বিচারের অঙ্গীকার, খুলবে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপ
- ৫ পরমাণু শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াবে জামায়াত