সাবেক শিবির সভাপতি
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন
‘জেন-জিদের মুখোমুখি ড. আব্দুল মান্নান’ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, যে নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই আজ জামায়াতে ইসলামীকে গুপ্ত সংগঠন বলে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের দেড় বছর পার হলেও যিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরতে পারেননি, এমনকি দেশে আসাটাও যে তার একক সিদ্ধান্ত ছিল না। সে কথা নিজেই স্বীকার করেছেন, তিনিই এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। সংকট দেখলেই যারা বিদেশে পালিয়ে যায়, তাদের মুখে জামায়াতে ইসলামীকে গুপ্ত বলা শোভা পায় না। জনগণ ভালোভাবেই জানে, কারা বিপদে পালায় আর কারা বিপদে জাতির নেতৃত্ব দেয়। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনো দেশ ছেড়ে পালায়নি, ভবিষ্যতেও পালাবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত ‘জেন-জিদের মুখোমুখি ড. আব্দুল মান্নান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, জেন-জি শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন বাস্তবায়নও করতেও জানে। পৃথিবীর বড় বড় পরিবর্তন তরুণ সমাজের হাত ধরেই এসেছে।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাইয়ের প্রতিটি দিন ছিল আমাদের জীবনের শেষ দিনের মতো। দিনে ছিল শাহাদাতের তামান্না, রাতে ছিল গুম হওয়ার শঙ্কা। প্রশাসনের লোকজন বাসাবাড়িতে গিয়ে ছাত্রদের খুঁজতো, কাউকে পেলে গুম করে আয়নাঘরে নিয়ে নির্যাতন চালানো হতো।
তিনি দাবি করেন, ৩৬ দিনের জীবন-মরণ লড়াইয়ের মধ্য দিয়ে জেন-জিদের হাত ধরেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। অথচ একটি রাজনৈতিক দল এখনো খুনি হাসিনার ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখতে চায় এবং গণভোটের বিরোধিতা করছে।
তিনি হুঁশিয়ার করে বলেন, জেন-জি প্রতিটি কথা ও কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়।
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে তরুণদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, শেখ হাসিনার নির্বাচন অবৈধ বলে নিজেকে বৈধ মেয়র দাবি করে ৪০ দিন নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টির বিষয়টি মানুষ ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না।
পুরান ঢাকায় তালা বিক্রি বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা দোকান ও বাড়িঘর দখল করতে শুরু করায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সংসদে গেলে সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই নারীদের ওপর হামলা চালায়, হিজাব খুলে নেয়- তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না।
মান্নান আরও বলেন, ঢাকা-৬ আসনকে যারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে জনগণকে প্রজা বানিয়ে রেখেছে, তাদের বয়কট করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
তারেক রহমানকে ইঙ্গিত করে ড. মান্নান বলেন, দীর্ঘদিন লন্ডনে থাকার পরও নির্বাচন কমিশনে হলফনামায় ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে।
১৭ বছর লন্ডনে কী করেছেন- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশে হাওয়া ভবনের রাজনীতি যেমন ছিল, লন্ডনেও তেমনই চলেছে।
তিনি বলেন, আপনি বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই প্ল্যান কি ভোট হ্যাক করার? কারচুপির? তরুণ প্রজন্ম জীবন দেবে, কিন্তু ভোট কারচুপি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কারণেই দেশে ফেরার সুযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই রক্তের সঙ্গে বেঈমানি করলে জেন-জি কাউকেই ছাড় দেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এছাড়া জকসু এজিএস মাসুদ রানা, ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং ঢাকা-৬ সংসদীয় এলাকার সাংগঠনিক থানা আমির, সেক্রেটারিসহ স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. আব্দুল মান্নান তরুণদের সঙ্গে তারুণ্যের মিছিলে অংশ নেন।
এমডিএএ/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন
- ২ যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন
- ৩ আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে: কর্নেল অলি
- ৪ একটি দলের পদলেহন করছে নির্বাচন কমিশন: এনসিপি
- ৫ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আলাদা ট্রাইব্যুনালের ঘোষণা জামায়াতের