তৌহিদ হোসেন
নির্বাচনে আ’লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা কোনো চাপ সৃষ্টি করেননি
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে/ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে বিদেশি কূটনীতিকরা কোনো চাপ সৃষ্টি করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের কোনো চাপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন, তাদের কেউ কেউ বিষয়টি জানতে চেয়েছেন, সবাই নয়। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি। কেউ বলেননি, এটা আপনাদের করা উচিত বা উচিত না।’
উপদেষ্টা আরও বলেন, ‘কেউ কেউ জানতে চেয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে কি না। আমি বলেছি, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না।’
নির্বাচন নিয়ে সন্দেহের কোনো কারণ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যদিও সন্দিহান লোকজনের এখনো অভাব নেই। তবে আমি মনে করি, নির্বাচন না হওয়ার মতো তেমন কোনো কারণ নেই।’
নির্বাচনের মান নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পারফেক্ট (নিখুঁত) হবে- এটা খুবই রেয়ার (বিরল)। বাস্তবে পারফেক্ট কোনো কিছুই হয় না। জীবনে কোনো কিছুই পুরোপুরি পারফেক্ট হয় না। কিছু সমস্যা থাকেই। তবে দেখতে হবে, নির্বাচনটি জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। আর জনমত প্রতিফলিত হয়েছে কি না, তা বুঝতে শুধু সংখ্যার দিকেই তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেগুলোকে আমরা নির্বাচন বলি, প্রতিটিতেই কোনো না কোনোভাবে জনমতের প্রতিফলন ঘটেছিল।’
ভারতের উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দীর্ঘদিন ভারতে ছিলাম। তারা নিজেদের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।’
জেপিআই/একিউএফ/জেআইএম