ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

প্রয়োজনে ঐকমত্যের সরকারের কথা ভাববে বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রয়োজন মনে করলে বিএনপি ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে ভাবতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ৪২টি দল মিলে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে যেসব দল একমত হবে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশে এখন ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘসময় পর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। নির্বাচিত হলে চট্টগ্রাম-১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি দেশের উন্নয়নে বন্দরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রাম বন্দরকে বৈশ্বিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
ধানের শীষের সুনামি আসছে: আমীর খসরু

ভোটের দিন শঙ্কা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ঐকমত্যের সরকার প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের ক্ষেত্রে দর্শনগত মিল ও ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া জরুরি। ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে।

হ্যাঁ/না ভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।

নির্বাচনি সময়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ সামনে না আনার বিষয়ে তিনি বলেন, নির্বাচন মূলত ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের বিষয়। অতীতের মতো এবারও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যেকোনো চেষ্টা জনগণ ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।

ভোট কারচুপির অভিযোগ প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিভিন্ন মাধ্যমে নানা অভিযোগ আসছে। তবে জনগণ বিভ্রান্ত হবে না বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এমআরএএইচ/ইএ