আগের রাতের অপপ্রচারে কেন্দ্রে ভোটার কম আসছে: এম এ কাইয়ুম
সকালে বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম/ছবি: জাগো নিউজ
ভোটের আগের দিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ছড়িয়ে পড়ায় কেন্দ্রে ভোটার কম আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।
তিনি বলেন, আমি ২০০৮ সালের নির্বাচনে ভোট দিয়েছিলাম। প্রায় ১৭ বছর পর আবার ভোট দিলাম। কেন্দ্রে ভোটার কম দেখছি। মিথ্যাচার, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন। এজন্য তাদের কেন্দ্রে উপস্থিতি কম দেখছি। আশা ছিল, আরও বেশি ভোটার কেন্দ্রে আসবে। তারপরও কেবল দিনের শুরু। এখনো অনেক সময় আছে। সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-১১ আসনের রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এম এ কাইয়ুম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হবে। কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবারের ভোটের পরিবেশ নষ্ট করতে পারবে না। সম্মানিত ভোটার, আপনারা আমাকে চেনেন। আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ আসন গড়বো। ধানের শীষে আপনার মূল্যবান ভোটটা দেবেন, আপনাদের কল্যাণ-মঙ্গলের জন্য কাজ করবো।
নির্বাচিত হলে কী কী উন্নয়ন করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, আমি আগেও এ এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামী দিনেও কাজ করবো। আপনারা জানেন, বাড্ডা একটি অবহেলিত এলাকা। গুলশানের পাশে হওয়ায় এটির দিকে কেউ নজর দেয় না। তবে বিএনপি সরকারে আসার পর আমরা এ এলাকায় গ্যাস-পানির ব্যবস্থা করেছি।
‘২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর গুলশান-বাড্ডা লিংক রোড করেছি। এ এলাকায় রাস্তাঘাট করেছি। এগুলো আগে এমন ছিল না। দুই যুগ আমি কমিশনার ছিলাম এ এলাকায়। সেসময় থেকে কাজ করে যাচ্ছি।’
নিজের কিছু পরিকল্পনার কথা তুলে ধরে এম এ কাইয়ুম বলেন, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ আসন গড়তে আমি কমিউনিটি বেজড কাজ করবো। এলাকার তরুণ-যুবকদের কাজে লাগিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে উদ্যোগ নেবো। পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনবো।
তিনি আরও বলেন, বাড্ডা এলাকায় রাস্তায় হকাররা বসেন। তারা যত্রতত্র বসায় রাস্তায় চলাচলে সমস্যা হয়, যানজটের সৃষ্টি হয়। এজন্য হকারদের জন্য পাইলট প্রোগ্রাম হাতে নেবো। তারা রাস্তার এক লেনে বসবে। তাদের কাছ থেকে কেউ চাঁদা নেবে না। সিসিটিভি ক্যামেরা দিয়ে সব নজরদারি করা হবে। এটি ঢাকা-১১ আসনের সব জায়গায় করা হবে।
এএএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ দেশের প্রতিটি সংকট উত্তরণে বিএনপি নেতৃত্ব দিয়েছে
- ২ ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মেনে নেওয়া হবে না
- ৩ মেয়ের হাত ধরে ভোট দিলেন সত্তোর্ধ্ব রাবেয়া, প্রত্যাশা দেশের ভালো
- ৪ ভোটার-এজেন্টদের বাধা দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করছে ‘একটি দলের কর্মীরা’
- ৫ বারিধারা ডিওএইচএসে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৭২ শতাংশ