ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ যেসব অভিযোগ আনলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বিভিন্ন ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে এনসিপি।

মনিরা শারমিন বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে একটা উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছিল। দুপুর ১২টার পর থেকে আমরা সারাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে নানান ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছি। কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। দেখা গেছে যে আমাদের প্রার্থী বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছেন তাদের ওপরে হামলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের ওপরে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা গতকাল পর্যন্ত যে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে, এই যে গত ১৭ বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি, ভোট রিগিংয় এবং নানানভাবে ভোটকে বিতর্কিত করা, এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা সেটির এক ধরনের প্রবণতা আমরা দুপুর ১২টার পর থেকে লক্ষ্য করছি।

মনিরা শারমিন বলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আশাবাদী যে অভিযোগগুলো আমরা সামনে এনেছি সেই অভিযোগগুলো পুলিশ প্রশাসন এবং দায়িত্বশীল যারা আছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেগুলো এড্রেস করা হবে এবং বাকি যেই সময়টা আছে সেই সময় সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া চলবে।

এনএস/এমএমএআর