ঢাকা-১৬ আসনের ফল স্থগিত চেয়ে বিএনপি প্রার্থী আমিনুলের আবেদন
মো. আমিনুল হক/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মো. আমিনুল হক।
এই আসনে ফলাফল স্থগিত ও বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে এ বিষয়ে একটি আবেদন জমা দিয়েছেন বিএনপির এই প্রার্থী।
আবেদনে আমিনুল হক অভিযোগ করেন, নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোটগণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট বই পাওয়ার মতো অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
ঢাকা-৬ আসনের ফলাফল স্থগিতে জামায়াত প্রার্থীর আবেদন
আবেদনে আরও বলা হয়, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের সরবরাহ করা ফলাফলে এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়েছে।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এখন আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
ঢাকা-১৬ আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি আমিনুল হকের চেয়ে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। আর আমিনুল পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।
এসএম/বিএ