ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মাঠে নামলে জঙ্গিদের দিন শেষ হয়ে যাবে

প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৯ জুলাই ২০১৬

ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে নামলেই সন্ত্রাসীদের দিন শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ইনু বলেন, এভাবে মাঠে নামলেই ওদের দিন শেষ হয়ে যাবে। ওদের দিন শেষ হয়েও যাচ্ছে। জনগণের দিন আরো উজ্জ্বলতর হবে।

তিনি বলেন, মারলাম এখানে লাশ পড়লো শ্মশান ঘাটে। ঘটনা ঘটলো গুলশানে। আর আমরা প্রোগ্রাম করছি শহীদ মিনারে। প্রতিটি জায়গায় তো আমাদের সংগঠন আছে। ওখানকার মাঠেও তো প্রোগ্রাম করতে পারি।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক উৎপাতে পরিণত হয়েছে। গুলশান ও শোলাকিয়ার ঘটনা বাংলাদেশে কোনো আকস্মিক ঘটনা নয়। এর অতীত হল হেফাজতি তাণ্ডবের পরাজয়, আগুন সন্ত্রাসের পরাজয়। এটা একটা নতুন কৌশল। এদের লক্ষ্য সাধারণ নিরীহ মানুষ। একাত্তরেও ঠিক এরা একই রকম কৌশল নিয়েছিল।

তিনি বলেন, আমরা এদের কাছে হেরে যেতে পারি না। এরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চায়। আমরা আগুন সন্ত্রাসীদের পরাজিত করেছি। আমরা জঙ্গিদের ধ্বংস করছি। আইন-শৃঙ্খলা বাহিনী তথ্য উদঘাটন করেছে। এখন ওদের গুরুদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, নিম চন্দ ভৌমিক, আইনজীবী নেতা আবদুল বাসেত মজুমদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চিত্রনায়ক ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ পেশাজীবী নেতারা।

আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসবিরোধী সমাবেশ সফল করার জন্য এই যৌথসভা আহ্বান করা হয়।

এইউএ/এসএইচএস/এমএস