ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ : মেয়রের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরে বুধবার রাতে যাত্রীবাহী বলাকা বাসে পেট্রল বোমায় অগ্নিসংযোগ ও যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরির্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানসহ ৩৯ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১০/২০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে  মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা হয়েছে। এ মামলাগুলোর মধ্যে তিনি তিনটিতে জামিনে আছেন বলে দলীয় সূত্র জানায়।

জয়দেবপুর থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপ-পরির্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পূর্বদিকে ও গাজীপুর জেলা পুলিশ লাইনের পশ্চিমে ঢাকা-গাজীপুর সড়কে বলাকা পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশসহ বেশ কিছু অংশ পুড়ে যায় এবং বাসের যাত্রী সবুজ (২০), রাকিব (১২), নূরুন নবী (২৬), সোহেল রানা (২০) ও মঞ্জুরুল ইসলামসহ (২৫) ৫ বাসযাত্রী দগ্ধ হন। এসময় বাস থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়।

এ ঘটনায় রাতেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, গাজীপুর মহানগরের ইটাহাটা গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং পশ্চিম বিলাসপুর এলাকার রজব আলীর ছেলে সেলিম (২৬)।

এমএএস/আরআই