ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

কাজী জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৭ আগস্ট ২০১৭

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০১৫ সালের এই দিনে কাজী জাফর আহমদ গুলশানের ‘চিওড়া হাউজ’ নামের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইউনাইটেড হসপিটালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ীতে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়-স্বজনসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবার এবং দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়াম্যান (জাফর) প্রয়াত কাজী জাফর আহমদ ১৯৩৯ সালের ১লা জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। ১৯৫৫ সালে তিনি সক্রিয় ভাবে রাজনীতিতে যোগদান করেন। রাজশাহী জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম সম্পাদক এবং রাজশাহী কলেজ সাহিত্য মজলিশের মুখপত্র, সাহিত্যিকীর সম্পাদক হিসেবে তার কর্মময় রাজনীতিতে পদচারণা শুরু।

মেধাবী ছাত্র হিসেবে তিনি খুলনা জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উর্ত্তীণ হন। পরবর্তীকালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স ও এম.এ. (ইতিহাস) পাস করেন।

কাজী জাফর আহমদ ১৯৫৯-১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬২-১৯৬৩ সালে অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (এপসু) সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৬২ সালে সামরিক শাসন ও ঐতিহাসিক শরীফ শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে কাজী জাফর আহমদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র জীবন শেষে তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন।

পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজী জাফর আহমদ ১৯৭০ সাল থেকেই প্রচেষ্টা শুরু করেন। ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের উদ্যোগে ঢাকার পল্টন ময়দানে আয়োজিত জনসভা থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা তথা বাংলাদেশ কায়েমের প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ জনসভার অন্যতম উদ্যোক্তা ছিলেন কাজী জাফর আহমদ। এজন্য পাকিস্তান সরকার তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭২-১৯৭৪ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ছিলেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী তখন ছিলেন ন্যাপের চেয়ারম্যান।

এরপর ১৯৭৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ইউনাইটেড পিপলস্ পার্টির (ইউপিপি) প্রথমে সাধারণ সম্পাদক ও পরে চেয়ারম্যান হিসেবে সক্রিয় ভাবে পার্টির সাংগঠনিক দায়িত্ব ও জাতীয় রাজনীতিতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী হন। ১৯৮৬ সালে জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬-১৯৯০ সালে তিনি জাতীয় পার্টির সরকারে পর্যায়ক্রমে বাণিজ্য মন্ত্রণালয়, বন্দর-জাহাজ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রাজনৈতিক উপদেষ্টা, ১৯৮৯-১৯৯০ সালে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬-১৯৯৬ সালে জাতীয় পার্টির সংসদীয় দলের উপনেতা ও ১৯৮৯-১৯৯০ সালে জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা ছিলেন। ১৯৮৬-১৯৯৬ পর্যন্ত পরপর তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৯-২০০০ সালে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় University of Western Sydney তে Visiting Distinguished Professor হিসেবে দক্ষিণ এশীয় ভূ-মন্ডলীয় রাজনীতি বিষয়ে অধ্যাপনা করেন।

২০১৩ সালের ২০শে ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত কাজী জাফর আহমদ ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক পরিসরেও কাজী জাফর আহমদের রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৭৮ সালে তিনি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় শিক্ষামন্ত্রী সম্মেলনে সহ-সভাপতি, ১৯৭৭-১৯৮৬ সালে ইন্টারন্যাশনাল জুচে (স্বনির্ভর) ইনস্টিটিউটের পরিচালক, ১৯৮৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত এসকাপ (ESCAP) ট্রেড মিনিস্টারস্ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭-১৯৮৮ সালে এশীয় ৭৭ জাতি মন্ত্রী পরিষদের চেয়ারম্যান, ১৯৮৭ সালে জেনেভায় অনুষ্ঠিত ৭ম আনকটাড সমাপ্তি অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল উদ্দিন/এমএমজেড/এফএ/এমএস

আরও পড়ুন