সাংবাদিক আরিফুলের মুক্তির দাবি ফখরুলের
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তির দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষকে মুক ও বধির করে দোর্দণ্ড প্রতাপে দেশে জুলুমের শাসন চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী। দেশের সবচেয়ে বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ সব রাজনৈতিক দলের ওপর চলছে নির্যাতনের স্টিমরোলার। বর্তমান ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার, বাক-ব্যক্তি স্বাধীনতাকে গায়ের জোরে হরণ করেই ক্ষান্ত হচ্ছে না, সাংবাদিকদের ওপরও বিভিন্ন কায়দায় নিপীড়নের থাবা বিস্তার করে স্বাধীন সাংবাদিকতা পেশাকে ভুলূণ্ঠিত করার নিকৃষ্ট পাঁয়তারা চালাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে বর্তমানে আইনের শাসন নয় বরং এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ রয়েছে। জনগণ নয় বরং বন্দুকের নল ও শাসকগোষ্ঠীর মদদপুষ্ট সন্ত্রাসীদের দিয়ে দেশকে জুলুমের নগরীতে রূপান্তরের মাধ্যমে আজীবন রাষ্ট্রক্ষমতা দখলে রাখার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকে ক্ষমতায় থাকার চাবিকাঠি জ্ঞান করছে বর্তমান সরকার। সাংবাদিকদেরও এ ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে না। সরকার কিংবা প্রশাসনের কর্তাব্যক্তিদের স্বার্থপরিপন্থী সমালোচনা হলেই কাউকে রেহাই দেয়া হচ্ছে না। মনে হয় আমরা যেন মগের মুল্লুকে বাস করছি। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাদণ্ডের আদেশ প্রদান বর্তমান সরকারের নানাবিধ অপকর্মেরই ধারাবাহিকতা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আরিফুল ইসলাম নিঃসন্দেহে প্রতিহিংসার শিকার। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের অসত্য মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
কেএইচ/জেডএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- ২ গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলাচেষ্টা সুপরিকল্পিত আঘাত: নাহিদ
- ৩ সরকারদলীয় এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ দ্রুত নিতে হবে
- ৪ ‘সিলেকশন’ নয়, ছাত্রদলে নতুন নেতৃত্ব পেতে ‘ইলেকশনে’ জোর
- ৫ মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী