মানবাধিকারের ছবক দেওয়ার আগে আয়নায় নিজের চেহারা দেখুন: হুইপ স্বপন
সম্মেলনে বক্তৃতা করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন/ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘দাম দিয়ে কিনেছি স্বাধীনতা, কারও দয়ায় প্রাপ্ত নয়। জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করেছি। আমাদের সার্বভৌমত্ব নিরঙ্কুশ, সমুন্নত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানের সার্বভৌম অধিকার কেবলমাত্র বাংলার জনতার।’
তিনি বলেন, ‘আমরা কারও দাস নয়, আমরা এখন ভিক্ষুক নয়। নিজের হাঁটুতে ভর করে আমরা দাঁড়িয়েছি। যারা আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিচ্ছেন, তাদের বলি- আপনারা আগে আয়নায় নিজের চেহারা দেখুন। আমাদের দেশের সংবিধান, আমাদের ফৌজদারি আইন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ।’
শনিবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সার্বভৌম রাষ্ট্রের আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের জাতির পিতার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজকে সাজা দিয়েছে। আপনারা আইনের শাসন চান, আমরাও চাই। আপনারা জঙ্গিবাদ দমন করে শান্তি চান, আমরাও চাই। আপনারা দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ, আমরা দুর্নীতির বিনাশ চাই।’
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আপনারা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, আমরাও চাই। সুতরাং আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা আমাদের জাতির পিতার সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ফেরত দিন। আপনারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দুর্নীতির বরপুত্রকে ফেরত দিন। তারপর গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলুন।’
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বেগম সেলিমা আহমাদ, জাহাঙ্গীর আলম সরকার, রৌশন আলী মাস্টার, আবুল হোসেন, রেহেনা বেগম, মেয়র নজরুল ইসলাম, মহিউদ্দিন খন্দকার প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আব্দুল মজিদকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রথম সহ-সভাপতি, মহিউদ্দিন খন্দকার প্রথম-যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসইউজে/এএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন নির্বাচন, তৈরি হয়েছে নীরব প্রতিযোগিতার মঞ্চ
- ২ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি
- ৩ মিরপুর কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেলেন ব্যারিস্টার আরমান
- ৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার
- ৫ আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার