দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান ছয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিমকে তিনদিন ধরে পাওয়া যাচ্ছে না। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তারা স্বীকার করছে না।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, আবদুর রহিমের মা আবেদা খানম রাজধানীর ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ১২ ডিসেম্বর রাত ৮টা থেকে রহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর তার ফোন খোলা ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রহিমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তিনি তাদের হেফাজতেই আছেন।
আতাউর সম্পর্কে প্রিন্স বলেন, তিনি ছয়দিন ধরে নিখোঁজ। পরিবার বলছে, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু স্বীকার করছে না।
তিনি বলেন, আমি অবিলম্বে এই দুজনের সন্ধান দাবি করছি। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
প্রিন্স আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি স্তব্ধ করে দিতে গায়েবি ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আবার বেছে বেছে বিএনপির তরুণ নেতৃত্বকে তুলে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার তাদের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট আড়াল করতে মিথ্যাচার করছে। আওয়ামী লীগের হাতে রাষ্ট্র যেমন নিরাপদ নয়, তেমনি মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকারসহ জনগণের জীবন-জীবিকা নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, দলের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ২ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৩ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৪ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৫ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী