ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

রিজার্ভ কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি : বিএনপি

প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৯ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮শ কোটি টাকা চুরির ঘটনাটিকে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলছে, ‘এটি হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি। বাংলাদেশ ব্যাংকের অথরাইজড পারসন বা সুইফট সিস্টেমের পাসওয়ার্ড ব্যবহারকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করলেই রিজার্ভ চুরির রহস্য উদঘাটন হবে।’

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাহী সদস্য ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শামা ওবায়েদ।

সূচনা বক্তব্য উপস্থাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি কেলেঙ্কারির পর রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি কেবল আর্থিক ক্ষতি নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।’

প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই রিজার্ভ চুরিতে যারা বেনিফিশিয়ার, সেই ফিলিফাইনে তোলপাড় হয়ে যাচ্ছে, সিনেটে শুনানি হচ্ছে। কিন্তু বাংলাদেশ নীরব। এই নীরবতার কারণ কী? তা আমাদের খতিয়ে দেখতে হবে।’

প্রজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে শামা ওবায়েদ দেখান, গত ৪ ও ৫ ফেব্রুয়ারি সোসাইটি ফর বাংলাদেশ ব্যাংকের ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) ফিলিফাইন ও শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। এরমধ্যে ফিলিফাইনে ৮১ মিলিয়ন ও শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার চলে যায়।

শামা ওবায়েদ বলেন, আরো ৮৫০ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করা হয়। কিন্তু হ্যাকারদের পাঠানো তথ্যের অপ্রতুলতার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ওই ট্রানজেকশন প্রসেস আটকে দেয়।

bnp

তিনি আরো বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফট থেকে বাংলাদেশ ব্যাংকে অসংখ্য নোটিফিকেশন পাঠিয়েছে। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কোনো উদ্যোগ নেয়নি। বিষয়টি অর্থমন্ত্রণালয় বা সংবাদ মাধ্যমকেও বাংলাদেশ ব্যাংক অবহিত করেনি। ঘটনার তিন সপ্তাহ পর খণ্ড খণ্ডভাবে বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়।

বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে একটি নির্মোহ প্রযুক্তিগত বিশ্লেষণ হিসেবে দেখার অনুরোধ জানিয়ে শামা ওবায়েদ বলেন, সুইফট বেলজিয়াম ভিত্তিক এমন একটি প্রতিষ্ঠান, যা বিশ্ব পরিসরে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর আর্থিক লেনদেনের প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে থাকে। বাংলাদেশ ব্যাংকও সুইফটের নিরাপত্তাগত সহযোগিতা গ্রহণ করে।

শামা ওবায়েদ বলেন, আমরা সুইফটের সিআইও মাইক ফিশের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, সারা বিশ্বে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান সুইফটের সেবা গ্রহণ করছে। সুইফট প্রতিদিন ২ কোটি বার্তা আদান-প্রদান করে। আমাদের তথ্য ভাণ্ডারে আজ পর্যন্ত অননুমোদিত তথ্য ঢোকেনি।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, ড. ওসামান ফারুক, আব্দুল আউয়াল মিন্টু অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, সাংবাবিদক মাহফুজ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের টাকা থেকে ৮শ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমে তা ফাঁস করে দেয়। মূলত ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে এ টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চুরি যাওয়া অর্থের কিছু উদ্ধার করা হয়েছে। এছাড়া ফিলিপাইনের অর্থ পাচারবিরোধী কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

বিপুল পরিমাণ অর্থ চুরির এই ঘটনার জেরে ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ ছেড়েছেন ড. আতিউর রহমান। এদিকে রিজার্ভ লুটের এই ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মাইয়া স্যানটোস দেগুইতোকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলে দাবি তার।

এমএম/আরএস/এনএফ/পিআর