‘ফখরুলকে আটক বিএনপির উপর সরকারের নগ্ন হামলা’
মহাসচিবের নাম ঘোষণার পর মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো সরকারের ষড়যন্ত্রের নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বিএনপির নব মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একইসঙ্গে বিএনপির উপর সরকারের নগ্ন হামলা বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বুধবার দুপুরে ফখরুলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ শেষে কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদনে যখন মহাসচিবের নাম ঘোষণা হয়েছে তথন তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। মহাসচিবের নাম ঘোষণার পর কার্যালয়ে যখন নেতাকর্মীরা উল্লাস করতে জড়ো হচ্ছিলেন। অথচ সরকার সংক্ষিপ্ত আনন্দের সময়ও বরদাস্ত করতে পারলো না।
তিনি বলেন, এটা রাজনৈতিক হীন উদ্দেশ্য নয়, গভীর ষড়যন্ত্র। সরকার বেশামাল হয়ে গেছে। ষড়যন্ত্রের নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। তারা (সরকার) শেষ মরণ কামড় দেয়ার চেষ্টা করছে।
ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, গ্রেফতার বাণিজ্যের মাধ্যমে গত ৭ বছর নির্যাতন নিপীড়ন করে যখন বিএনপিকে শেষ করতে পারেনি। তখন আবার নতুন মাত্রায় নির্যাতনের কৌশলে জেগে উঠেছে সরকার।
সরকারের কোনো চক্রান্ত সফল হবে না উল্লেখ করে রিজভী বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কর্মসূচি ঘোষণা করা হবে। জোর করে সররকার সিংহাসন ধরে রাখতে পারবে না। সে সময় চলে এসেছে। যে কোন মুহূর্তে তীব্র গণবিক্ষোভে সরকারকে রাস্তায় লুটিয়ে পড়তে হবে।
এমএম/আরএস/এমএস