ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

‘বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি’

প্রকাশিত: ০৮:২৩ এএম, ০১ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, “বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তবুও এই সরকার ও নির্বাচন কমিশন বার বার মিথ্যাচার করে বলছে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।”

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়ের প্রসঙ্গে  তিনি বলেন, ট্রেনের কালো বিড়ালের বিচার এ দেশে হয়নি, দুই মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা প্রয়োজন। তারা এখন পর্যন্ত পদত্যাগ করেনি,  এতেই প্রমাণিত হয় বর্তমান সরকার কতটা দুর্নীতিবাজ।

ওসমান ফারুক বলেন, রিজার্ভ চুরির ব্যাপারে সারা পৃথিবীতে তোলপার সৃষ্টি হয়েছে কিন্তু সরকার ও তার সংসদ সদস্যদের এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।এ দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে এবং যাতে লোক ধারণ ক্ষমতা ৩৪ হাজার কিন্তু বর্তমানে প্রায় এক লক্ষ্য সাধারণ বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে এ অবৈধ সরকার।

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত আজকের প্রেক্ষাপট গুম, খুন, অপহরণ, বিচার বর্হিভূত হত্যা এবং বেগম জিয়াসহ ২৮ জন বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার পরোয়ানা জারির প্রতিবাদে ও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের মহাসচিব শাহনারা বেগম, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এবিএস