বাংলা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিঙ্গাপুরের মাটিতে শুদ্ধভাবে বাংলা উচ্চারণ ও চর্চার জন্য ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে বাংলা আবৃত্তি চর্চা কেন্দ্র (কহন)। বিদেশের মাটিতে মাতৃভাষা বাংলার সঠিক উচ্চারণ ও আবৃত্তির প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি ৫ জানুয়ারি এক বছর পূর্ণ করেছে।
প্রতিষ্ঠার মাত্র এক বছরেই সংগঠনটি সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগার, সাহিত্য কেন্দ্রসহ বেশকিছু প্লাটফর্মে একক আবৃত্তি ও যৌথ প্রযোজনা উপস্থাপন করে প্রবাসী বাঙালিদের মনে জায়গা করে নিয়েছে। ৫ জানুয়ারি সন্ধ্যায় সিঙ্গাপুর লিটারেচার স্টেশনে উদযাপিত হয় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
সংগঠনটির প্রশিক্ষক মাজহারুল আবেদীন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ভারতের আবৃত্তি শিল্পী অনিন্দ্যা সিকোয়েরার পাঠানো শুভেচ্ছা বার্তা দিয়ে। পরে শুভেচ্ছা বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী পারমিতা চট্টরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনটির সদস্য মোহর খান, সৈয়দুর রহমান লিটন, শাহ্ মিনহাজ, সোহেল মিঠু, নুরুল আলম ও মনির আহমদ। পরে অনুষ্ঠানের মূল পর্বে কবিতা আবৃত্তি করেন কলকাতার গুণী আবৃত্তি শিল্পী রঞ্জন চক্রবর্তী, সুষ্মিতা দে, বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিকার শাহরিয়ার খালেদ, জাকির হোসেন খোকন ও তৌহিদা রহমান টিনা। এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যৌথভাবে আবৃত্তি করেন দেবযানী উমা ঘোষ ও মাজহারুল আবেদীন আদর।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দুই বাংলার খ্যাতিমান আবৃত্তি শিল্পী ও সাহিত্য প্রেমীরা। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটা হয়।
এনএফ/এমকেএইচ