ভিডিও ENG
  1. Home/
  2. বিশেষ প্রতিবেদন

জি বাংলা ও স্টার জলসার দখলে বৈশাখের বাজার

প্রকাশিত: ০২:৩৮ এএম, ০২ এপ্রিল ২০১৬

আসছে পহেলা বৈশাখ। বিশেষ এই দিনটি আগামী ১৪ এপ্রিল। বাঙালি জাতির এক মহাউৎসবের দিন পহেলা বৈশাখ। দেশের দুটি প্রধান বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা ও ঈদুল ফিতরের পাশাপাশি বাঙালি জাতি পহেলা বৈশাখকেও সমান গুরুত্ব দিয়ে উৎসব আমেজে বরণ করে নেন। আর এই দিনটিকে ঘিরেও সাধারণ মানুষের থাকে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে রং বেরঙের পোশাক পড়ার ধুম পড়ে এই দিনটিতে।

দিনটির জন্য অপেক্ষা যেমন সাধারণ মানুষের। একইভাবে অপেক্ষায় রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী মহল। বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের। কারণ পহেলা বৈশাখ এখন তাদের কাছে ব্যবসার অন্যতম মৌসুম। তবে ব্যবসায়ীরা এবারের পহেলা বৈশাখের বাজার নিয়ে একটু চিন্তিত। এর কারণ হিসেবে অনেক ব্যবসায়ীই জানালেন অনলাইন বাজার ব্যবস্থা ও দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের কথা।

Boishaki

একই ব্যাপারে মত পোষণ করলেন রাজধানীর লালমাটিয়ার সানরাইজ প্লাজার বৈশাখী ক্লোথ স্টোরের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় দোকানে বসেই পহেলা বৈশাখের বিভিন্ন কালেকশন নিয়ে কথা হয় এই কাপড় ব্যবসায়ীর সঙ্গে।

Boishaki

তিনি জানান, অন্য সব বারের চেয়ে এবারের পহেলা বৈশাখ নিয়ে আমি বেশ চিন্তিত। কারণ অন্যবার মার্চ মাসের শেষের দিকে বেচাকেনার ধুম পড়ে। কিন্তু এবার তা নেই।

ওই ব্যবসায়ী আরো জানান, আগে বিভিন্ন বয়সের তরুণী ও মেয়েরা বিশেষ করে সন্ধ্যার দিকে মার্কেটে দেখা যেত। এবারের বাজারে তেমন দৃশ্য চোখে পড়ছে না। এজন্য তিনি কুমিল্লার মেয়ে তনু হত্যাকাণ্ডের ব্যাপারটিকে গুরুত্ব দিলেন।

Boishaki

শরিফুল ইসলাম জানান, কিছুদিন ধরে অনলাইনে কাপড় বেচাকেনা বেড়েছে। বিক্রেতারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তাদের সেলসম্যানদের মাধ্যমে। এ কারণেও বিক্রি কমেছে।

এবারের পহেলা বৈশাখের কালেকশন কি জানতে চাইলে তিনি জানান, এবার পাখি, স্টার জলসা ও জি বাংলা সিরিয়ালের নারী অভিনেত্রীরা যে ব্লাউজ ব্যবহার করেন, সেগুলোর খুব চাহিদা হবে বলে বুঝতে পারছি।

Boishaki

আরেক ব্যবসায়ী ম্যাচিং কর্নার এর মালিক মোস্তাফিজুর রহমান জানালেন, দেশের অর্থনৈতিক অবস্থা আগের মতো নেই। বেচাবিক্রিতে ধস নেমেছে। তারপরও আমরা তাকিয়ে রয়েছি পহেলা বৈশাখের বাজারের দিকে।

এমএএস/এমএস