পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললো বিসিসিআই
ফাইল ছবি
পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণার পর সবারই নজর ছিল এ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তথা দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই কী বলছে- সেদিকে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা স্পষ্ট করে জানিয়েছে যে তারা আইসিসির সিদ্ধান্ত অনুসরণ করবে।
বিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা এএনআইকে বলেন, ‘বিসিসিআইর এ বিষয়ে (শাহবাজের বক্তব্য) কিছু বলার নেই। আইসিসি’ই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর যেটা আইসিসি ঠিক করবে, আমরা সেটার অনুসরণ করব।’
পাক প্রধানমন্ত্রী বুধবার জানান, পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ স্টেজ ম্যাচ খেলবে না। তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। এ সিদ্ধান্ত আমরা গভীরভাবে বিবেচনা করে নিয়েছি এবং এটিকে যথোপযুক্ত সিদ্ধান্ত মনে করছি।’ শাহবাজ আরও যোগ করেন, ‘ক্রীড়ায় কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়।’
এর আগে, পাকিস্তান সরকার তাদের সরকারি এক্স (সবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা করেছিল যে পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। তবে এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
পাকিস্তানের এই পদক্ষেপের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ‘নির্বাচিত অংশগ্রহণ একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে মিলছে না। আইসিসি আশা করে যে পিসিবি একটি সমঝোতামূলক সমাধান খুঁজে বের করবে, যা সব স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা করবে।’
আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদিও আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল যোগাযোগের অপেক্ষায় আছি, এ ধরনের নির্বাচিত অংশগ্রহণ কঠিনভাবে গ্রহণযোগ্য নয়, যেখানে সব যোগ্য দল সমান শর্তে প্রতিযোগিতা করার আশা করা হয়।’
আইএইচএস/