বলের আঘাতে একি হাল হলো স্টোকসের!
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসবলের আঘাতে মুখে মারাত্মক চোট পেয়েছেন। এর ফলে চোখের নিচে রক্ত জমাট বেধে কালশিটে পড়েছে এবং মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চোটের ছবি শেয়ার করে স্টোকস মজা করে লেখেন, `বলটার অবস্থা দেখলে বুঝতে পারবে!‘
জানা গেছে, নেট সেশন চলাকালীন স্টোকস ব্যাটিং কিংবা বোলিং করছিলেন না। তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন, ওই সময়ই একটি বল এসে তার বাম পাশের গালে লাগে।
অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে অ্যাডাক্টর ইনজুরিতে মাঠ ছাড়ার পর থেকেই পুনর্বাসনে আছেন স্টোকস। চলতি মাসের শেষ দিকে তিনি আবুধাবিতে যাবেন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে। সেখানে তিনি অনানুষ্ঠানিকভাবে কোচিং ভূমিকায় অ্যান্ড্রু ফ্লিনটফের ইংল্যান্ড লায়ন্স স্কোয়াডের সঙ্গেও যুক্ত হবেন।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেননি স্টোকস। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তিনি নেই।

সব ঠিক থাকলে, আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই স্টোকসের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে মাঠে নামতেও পারেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারার পর স্টোকস জানিয়েছিলেন, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে তিনি আগ্রহী। একই সঙ্গে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকেও পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি।
স্টোকস বলেন, `এটা আমার সিদ্ধান্ত নয়, তবে যদি কখনো আমার মতামত চাওয়া হয়, আমি পুরো সমর্থন দেব। ‘বাজ’-এর সঙ্গে কাজ করতে আমি ভিষণ উপভোগ করি। সে দারুণ মানুষ এবং অসাধারণ একজন কোচ।‘
আইএইচএস/এমকেআর