ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জাহানারাকে যৌন হয়রানি

মঞ্জুরুলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ক্রিকেটার ও জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের করা এক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল জাতীয় নারী দলের সিনিয়র ক্রিকেটার জাহানারা আলমের একটি অভিযোগ কেন্দ্র করে। নারী দলে দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ মঞ্জুরুলকে বাংলাদেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিসিবি। বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।

সূত্র আরও জানিয়েছে, এ ঘটনায় জাহানারা আলম যদি ব্যক্তিগতভাবে মঞ্জুরুলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে চান, তবে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। নারীর নিরাপত্তা ও ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখার স্বার্থেই বোর্ড এমন আপসহীন অবস্থান নিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসকেডি/আইএন