ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে পথচলা শুরু হয়েছিল নাহিদ রানার। গতির ঝড়ে টেস্ট ক্রিকেটে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তবে সাদা বলের ফরম্যাটে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খেললেও এখনো সেভাবে থিতু হতে পারেননি এই তরুণ পেসার। চলমান বিসিএলে আজ বল হাতে ৩ উইকেট নিয়ে নর্থ জোন-এর জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

ম্যাচ শেষে সাদা বলে ডাক পাওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নাহিদ। নিজের কাজ ও মনোযোগ নিয়ে তিনি বলেন, ‘ডাক পাবো কিনা এটা আমার কাজ না। আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি। যখন যেখানে সুযোগ পাব, চেষ্টা করব দলকে জেতানোর।’

এবারের বিসিএল ওয়ানডে আসরের ম্যাচগুলো হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। এই দুই ভেন্যুর উইকেট এবং নিজের অভিজ্ঞতা নিয়ে নাহিদ রানা জানান, ‘দুই জায়গার উইকেটই ব্যাটিং ফ্রেন্ডলি, ভালো উইকেট। পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম। তখন স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ পেতাম না। একাডেমিতে প্র্যাকটিস করলে ভেন্যুতে সবাইকে প্র্যাকটিস করতে দেয় না। এখানে আগে অনেক ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’

আজ সাউথ জোনের বিপক্ষে নিজের দলের জয় ও বোলিং পরিকল্পনা নিয়ে এই পেসার আরও যোগ করেন, ‘হ্যাঁ অবশ্যই, প্ল্যান তো অবশ্যই থাকে। আমারও থাকে অধিনায়কেরও থাকে। দল যেটা চায়, সেটাই কাজে লাগানোর চেষ্টা করি। ভালো লাগার বিষয় হচ্ছে, দলকে ভালো পারফরম্যান্স উপহার দিতে পেরেছি। এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে।’

এসকেডি/আইএন