সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে কী হিসাব, জানালো আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য আজ ‘ডু অর ডাই’ ম্যাচ। সুপার এইটে এখন পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের পরও পাকিস্তানের ভাগ্য এখনো নিজেদের হাতেই। অধিনায়ক সালমান আলি আগা ও তার দল সেমিফাইনালের টিকিটের আশায় তাকিয়ে আছে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকে।
শুক্রবার বড় এক সহায়তা পায় পাকিস্তান। ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইট গ্রুপ-২ এর সেমিফাইনাল লড়াই পুরোপুরি উন্মুক্ত করে দেয়। ইতোমধ্যে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন দ্বিতীয় স্থানের জন্য লড়াই শুধু নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।
সুপার এইট (গ্রুপ-২) বর্তমান পয়েন্ট টেবিল
১. ইংল্যান্ড: ৬ পয়েন্ট, ৩ ম্যাচ, নেট রান রেট +১.০৯৬
২. নিউজিল্যান্ড: ৩ পয়েন্ট, ৩ ম্যাচ, নেট রান রেট +১.৩৯০
৩. পাকিস্তান: ১ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -০.৪৬১
৪. শ্রীলঙ্কা: ০ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -২.৮০০
পাকিস্তান শুধু পয়েন্টেই নয়, নেট রান রেটেও অনেক পিছিয়ে। তাই শ্রীলঙ্কাকে হারালেই হবে না- জিততে হবে বড় ব্যবধানে।
আইসিসির হিসাব: কত রানে জিততে হবে?
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, নিউজিল্যান্ডকে নেট রান রেটে টপকাতে হলে পাকিস্তানকে দাসুন শানাকার দলকে ৬৫ রানের বেশি ব্যবধানে হারাতে হবে অথবা লক্ষ্য তাড়া করলে ১৩ ওভারের মধ্যে জিততে হবে। তবে আইসিসি আরও বলেছে, ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার পরই সঠিক সমীকরণ পরিষ্কার হবে।
পাকিস্তানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে হারে। ফলে সমীকরণ কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে নিউজিল্যান্ড শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় চার উইকেটে। ১৬০ রান রক্ষা করতে নেমে ১৭ ওভারে ইংল্যান্ডকে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে চাপে ফেলেছিল কিউইরা। কিন্তু উইল জ্যাকস ও রেহান আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে তিন বল হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড।
ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘জিততে পারলে আমাদের কাজ সহজ হতো। আমরা ভালো খেলেছি, তবে কৃতিত্ব ইংল্যান্ডের। জ্যাকস ও রেহান দারুণভাবে ম্যাচ শেষ করেছে।’
সব মিলিয়ে, পাল্লেকেলের ম্যাচই নির্ধারণ করবে পাকিস্তানের ভাগ্য। বড় জয় পেলেই কেবল সেমিফাইনাল। অন্যথায় বিদায়। প্রশ্ন এখন একটাই- পাকিস্তান কি সাহসী ক্রিকেট খেলতে পারবে এবং প্রয়োজনীয় বড় জয় তুলে নিতে পারবে, নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ হবে?
আইএইচএস/