ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএলের পাওনা পেয়ে বিসিবিকে ধন্যবাদ দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০১ মার্চ ২০২৬

বিপিএল শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সেই জট খুলতে শুরু করেছে। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট এবং সিলেট টাইটান্স তাদের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেছে। বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জমা দেওয়া গ্যারান্টির টাকা থেকেই এই পাওনা মেটানো হয়েছে। তবে সিলেট ও নোয়াখালী পেমেন্ট পেলেও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা এখনো তাদের পাওনা বুঝে পাননি।

পাওনা টাকা বুঝে পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটারদের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেখুন, বিপিএলের সবাই পেমেন্ট পেয়েছে। অবশ্যই, এটা ভালো লাগার বিষয়। অবশ্যই, ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।’

এবারের বিপিএলের সার্বিক ব্যবস্থাপনা ও সফল আয়োজনের প্রশংসা করে এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা দলই টাকা পেয়েছে। আজকে সিলেটও টাকা পেল এবং প্রত্যেকটা খেলোয়াড় অনেক খুশি আছে। আর এবারের বিপিএলটা অনেক ভালো হয়েছে।’

আর্থিক এই জটিলতা নিরসনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন মিরাজ। বিশেষ করে সদস্য সচিবের পরিশ্রমের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিলেন... মিঠু ভাই অনেক কঠোর পরিশ্রম করেছে দেখেছি। উনি টাকার ব্যাপারে প্রত্যেকটা দলের সঙ্গে কথা বলেছে এবং যেভাবে প্রসেস করা দরকার প্রত্যেকটা প্রসেস সম্পন্ন করেছে।’

এসকেডি/আইএন