ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘সাকিব ইস্যু সমাধান হলে আমার জন্য অধিনায়কত্ব সহজ হবে’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০১ মার্চ ২০২৬

দেশের ক্রিকেটে গত মাস থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর আবারও দেশের মাটিতে তার খেলা নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিবের অভিজ্ঞতা যে দলের জন্য কতটা অপরিহার্য, তা মনে করিয়ে দিয়ে মিরাজ জানিয়েছেন, সাকিবের উপস্থিতি অধিনায়কের কাজ অনেক সহজ করে দেয়।

সাকিবের ফেরা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে মিরাজ বলেন, ‘এটার (সাকিবের আসার) সিদ্ধান্ত তো পুরোপুরি ক্রিকেট বোর্ডের। আমার কাছে মনে হয় যদি ইস্যুটা সমাধান করে তাহলে উনার জন্য খেলাটা সহজ হয়ে যাবে। অধিনায়ক হিসেবে এরকম একজন খেলোয়াড় যদি দলে থাকে এটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে।’

পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সমাধানের আশা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘এর আগেও আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে। আমার কাছে মনে হয় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি সবাই ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সাকিব ভাইয়ের ইস্যুটা সম্পূর্ণটা আমরা সবাই জানি। সাকিব ভাই থাকলে তো একজন অধিনায়কের জন্য সহজ হয়ে যায়, টিম কম্বিনেশনের ক্ষেত্রে। যেহেতু ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত।’

এদিকে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন অধিনায়ক। ওয়ানডেতে কিছুটা ছন্দ হারানোর কারণ হিসেবে দীর্ঘ বিরতিকে দায়ী করে মিরাজ বলেন, ‘দেখুন, আমরা যে ওয়ানডে ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি। তখন কিন্তু একটা ফোকাস ছিল টি-টোয়েন্টি খেলা নিয়ে এবং আমরা বেশি টি-টোয়েন্টিই খেলেছি। আমরা যখন ওয়ানডে খেলেছি অনেক গ্যাপে খেলেছি এজন্য ওইভাবে পরিকল্পনা করা হয়নি। সামনে যেহেতু ওয়ানডে আছে, আমাদের অনেক খেলা আছে। সুতরাং আমরা সুন্দর একটা পরিকল্পনা করব।’

বিসিএল দিয়ে নতুন মৌসুম শুরু হওয়ায় সামনের সিরিজগুলো নিয়ে আশাবাদী মিরাজ। তিনি বলেন, দেখুন, ‘মাত্র তো শুরু হলো। যেহেতু বিসিএল দিয়ে শুরু হয়েছে, সিরিজগুলো নিয়ে আমরা বসব। আমরা বসে একটা সুন্দর পরিকল্পনা করব যে আমাদের সিরিজগুলো আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং আমাদের সিরিজগুলো কীভাবে জিততে পারি।’

এসকেডি/আইএন