বিশ্বকাপ মাথায় রেখে ভালো উইকেটে খেলার অভ্যাস গড়তে চান মিরাজ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে প্রত্যেক সিরিজের আগেই উইকেট নিয়ে আলোচনার শেষ থাকে না। নিয়মিত খেলেও স্বাগতিকরাই নিশ্চিত থাকে না, উইকেট কেমন আচরণ করবে। এর উপর ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য নিজের শক্তি অনুযায়ী স্পিন উইকেট বানানোর প্রবণতা তো আছেই।
বিদেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট বা কোনো সিরিজে গেলেই বাংলাদেশের ব্যাটারদের ‘ট্রু উইকেট’ বা ভালো উইকেটে খেলার অনভ্যস্ততা ফুটে ওঠে। এবার সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরপুরের উইকেটে স্পিন ফাঁদ নয়, বরং ভালো ক্রিকেটীয় উইকেটের প্রত্যাশা করছেন তিনি।
ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে উইকেট এতটাই স্পিনসহায়ক ছিল যে, দুই দল সিরিজের শেষ ম্যাচে পেসারদের দিয়ে এক ওভারও বোলিং করায়নি। এর আগে প্রথম দুই ম্যাচেও প্রায় ৯০ শতাংশ ওভার করেছেন স্পিনাররা।
সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক মিরাজ। সেখানে বাংলাদেশ আসলে কেমন উইকেটে খেলতে চায় বা তাদের কাছে ট্রু উইকেট মানে কি; এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে মঙ্গলবার মিরাজ নিশ্চিত করলেন, দল যেহেতু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেটা হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে, সেক্ষেত্রে আগের সিরিজের উইকেটের পুনরাবৃত্তি হবে না।
টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ট্রু উইকেটে খেলবো। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেটা করেছি প্রত্যেক দল ঘরের মাঠে করে আর কি! প্রত্যেক দলই ঘরের মাঠের সুবিধা নিতে চেষ্টা করে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে খেলার ব্যাখ্যাও দিয়েছেন মিরাজ, ‘ওয়েস্ট ইন্ডিজের দুইজন স্পিনার ছিল। আমরা সেই মোতাবেক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন আমরা ট্রু উইকেটে মনোযোগ দিতে চাই যাতে করে ব্যাটাররা আত্মবিশ্বাসী হতে পারে।’
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিতেই এখন থেকে ট্রু উইকেটে খেলার অভ্যাস করতে চান টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘ট্রু উইকেটের কনসেপ্টটা আসলে এমন—বিশ্বকাপে সাধারণত অনেক ভালো উইকেট থাকে এবং আমরা এখন থেকেই সেই উইকেটে খেলার অভ্যাসটা গড়তে চাই। যেহেতু ২০২৭ বিশ্বকাপের আগে আমাদের সামনে অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, তাই আমরা যদি সর্বোচ্চ সংখ্যক ম্যাচ ট্রু উইকেটে খেলতে পারি, তবে আমাদের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ হবে।’
তবে বাংলাদেশের সামনে এখন আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। সেক্ষেত্রে দলভেদে ঘরের মাঠে সুবিধাও নিতে চান মিরাজ, ‘একই সঙ্গে আমাদের সরাসরি কোয়ালিফাই করার বিষয়টাও মাথায় রাখতে হবে। তাই যেসব দলের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব, আমরা অবশ্যই সেই চেষ্টা করব। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে অধিকাংশ ম্যাচ যেন ভালো ও ট্রু উইকেটে খেলা যায়।’
তবে ঘরের মাঠের সুবিধা মানেই যে বাজে উইকেটে খেলা নয়, সেটাও জানেন মিরাজ। তিনি বলেন, ‘হোম কন্ডিশন মানেই এই নয় যে আমরা অনেক বাজে বা খারাপ উইকেটে খেলব। আমরা ভালো উইকেটই দেব, শুধু চেষ্টা থাকবে যেন সেখান থেকে কিছুটা বাড়তি সুবিধা আমরা পাই।’
এসকেডি/এমএমআর