ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

খরুচে রিশাদ, রাওয়ালপিন্ডির টানা তৃতীয় হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৫ এপ্রিল ২০২৬

এবারের পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারেননি রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তার দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ উইকেটে। ৩ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করলেও খরচ করেছেন ৩৬ রান।

গতকাল শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাওয়ালপিন্ডি। পুরো ২০ ওভার ব্যাটিং করে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান। সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে গেছে ইসলামাবাদ। ফলে হারের হ্যাটট্রিক করলো রিশাদের দল। আসরে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিতেও জয়ের দেখা পায়নি রাওয়ালপিন্ডি।

আগে ব্যাটিং করে কামরান গুলাম সর্বোচ্চ ৫০ রান করেন পিন্ডির হয়ে। শেষদিকে ডিয়ান ফরেস্টারের ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৫০ পার করান। ১৬ বলে ২৬ রান আসে আব্দুল্লাহ ফজলের ব্যাটে। ৩ রান করেন রিশাদ। সমান দুটি করে উইকেট পেয়েছেন ইসলামাবাদের রিচার্ড গ্লিসন, ফাহিম আশরাফ ও সালমান ইরশাদ। এক উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সামির মিনহাস। আউট হওয়ার আগে ৭ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান। হায়দার আলী ও মার্ক চ্যাপমান অপরাজিত ছিলেন ২৬ ও ২৪ রান করে। ১৬ ও ৭ বলে ছিল তাদের ইনিংস দুটি।

মোটেই চ্যালেঞ্জ জানাতে পারেনি রাওয়ালপিন্ডির বোলাররা। একটি করে উইকেট পেয়েছেন আমির, রিশাদ ও জালাত খান।

আইএন