স্ট্যাম্প হাওয়ায় ভাসিয়ে দীর্ঘদেহী কিউই পেসারের হ্যাটট্রিক
যেকোনো ফাস্ট বোলারের জন্য ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়তে দেখা অত্যন্ত সুখের একটি বিষয়। দ্রুতগতির ডেলিভারিতে স্ট্যাম্প ভাসছে হাওয়ায়, বোলার মেতেছেন উদ্দাম উদযাপনে- ক্রিকেটের অনিন্দ্য সুন্দর দৃশ্যের একটি এটি। আর সেই ডেলিভারি যদি হয় হ্যাটট্রিক বল, তখনকার অনুভূতি কেমন হয়, তা জানতে হলে যেতে হবে কাইল জেমিসনের কাছে।
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনই অনন্য এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ডানহাতি পেসার কাইল জেমিসন। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তার চেয়ে লম্বা আন্তর্জাতিক ক্রিকেটার আর কেউ নেই। ভারতের বিপক্ষে সেই অভিষেক সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন জেমিসন।
ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৪ উইকেটের সঙ্গে ব্যাট হাতে করেছিলেন ৪৪ রান, পরে ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের প্রথম ফাইফারের সঙ্গে আবার খেলেন ৪৯ রানের ইনিংস। করোনাভাইরাসের কারণে আসে দীর্ঘবিরতি, যে কারণে মাঠের খেলা থেকে দূরেই থাকতে হয় জেমিসনকে। তবে প্রায় ৮ মাস পর মাঠে নেমে ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছেন তিনি।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন অকল্যান্ডের এই পেসার। গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ম্যাচে ওটাগোর বিপক্ষে নিয়েছিলেন ৮টি উইকেট, তার দল পায় ইনিংস ব্যবধানে জয়। এই আগুনে বোলিং পরের ম্যাচেও অব্যাহত রেখেছেন দীর্ঘদেহী এ পেসার।

বৃহস্পতিবার সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে জেমিসনের অকল্যান্ড। এই ম্যাচের প্রথম ইনিংসেও ফাইফার নিয়ে ফেলেছেন জেমিসন, পাশাপাশি করেছেন হ্যাটট্রিক। তার এমন বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েও ১৭ রানের লিড পেয়েছে অকল্যান্ড।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের ২৭তম ওভারের চতুর্থ বলে টম ব্রুসকে মার্টিন গাপটিলের হাতে ক্যাচে পরিণত করেন জেমিসন। পরের বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যান ক্লেভারকে ফেরান বোল্ড করে। হ্যাটট্রিক বল খেলতে আসেন ৩০ বছর বয়সী ব্র্যাড স্মুলিয়ান। জেমিসনের করা অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিটি নিরীহ ভেবে ছেড়ে দিয়েছিলেন স্মুলিয়ান।
আর তাতেই হয়ে যায় বড় এক ভুল। জেমিসনের দ্রুতগতির ডেলিভারিটি শার্প ইনসুইংয়ে সোজা আঘাত হানে অফস্ট্যাম্পে। চোখের পলকে হাওয়ায় ভাসতে থাকে স্ট্যাম্পটি আর হ্যাটট্রিক পূরণে আনন্দে তখন মাতোয়ারা হয়ে পড়েন পৌনে সাত ফুট উচ্চতার জেমিসন। ইনিংসটিতে ৪১ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
হ্যাটট্রিক বলটির ব্যাপারে জেমিসন বলেছেন, ‘আমি বলটি করার আগে মিডঅফ ও মিডঅনের ফিল্ডারকে বলেছিলাম যে, আমি এখন একটা বড়সড় ইনসুইংগার করবো, যাতে সে (ব্যাটসম্যান) বলটি খেলে। আপনি যখন হ্যাটট্রিক বলে থাকেন, তখন অবশ্যই আপনার সেটি শিকারের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বলটা দারুণ ছিল, প্রশান্তির একটা বিষয়।’
HAT-TRICK ball and Kyle Jamieson does this at @edenparknz Outer Oval for @aucklandcricket against the @CentralStags! LIVE video scoring | https://t.co/fkuhIVuqJH #PlunketShield pic.twitter.com/tFCoRJr6Y4
— BLACKCAPS (@BLACKCAPS) October 28, 2020
এসএএস/পিআর