আমরা তো চাইবোই মাশরাফিকে বোর্ডে নিয়ে আসতে: পাপন
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই বাংলাদেশের ক্রিকেটে দাবি ওঠে, সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও বাংলাদেশ দলের মেন্টর করার।
তবে মেন্টর হিসেবে না হলেও মাশরাফিকে ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে দেখার ইচ্ছা দেশের ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাশরাফি।
এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে হয়তো শিগগির বোর্ডে কিংবা জাতীয় দলের সঙ্গে দেখা যাবে মাশরাফিকে। কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি মাশরাফি। এমনকি বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়নি এ সংক্রান্ত কোনো খবর।
অবশেষে আজ (শনিবার) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি পাপন খোলাসা করেছেন পুরো বিষয়। তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন, মাশরাফিকে দলের মেন্টর কিংবা বোর্ডে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
তবে মাশরাফি বোর্ডের সঙ্গে কাজ করতে চাইলে তাকে স্বাগত জানানোর কথাই বলেছেন বিসিবি সভাপতি। মাশরাফিকে মেন্টর বানানো বিষয়ক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবোই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’
এসময় টেস্ট চলাকালীন মাশরাফির স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেখা করার বিষয়ে পাপন বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ওরকম কিছু না। আলাপ করছিলাম।’
এসএএস/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ চার বাঁচাতে গিয়ে গুরুতর আহত পাকিস্তানি ফিল্ডার, নেওয়া হচ্ছে হাসপাতালে
- ২ রান তাড়ার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
- ৩ ৪৩ রানে শেষ ৭ উইকেট তুলে নিলো বাংলাদেশ, পাকিস্তান অলআউট ২৭৪ রানে
- ৪ মিরাজের বুদ্ধিতে রানআউট, ক্ষোভে হেলমেট ছুড়লেন সালমান আগা
- ৫ এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: বিসিবি