হয়ে গেলো স্টেজ রিহার্সেল, ৩ ঘণ্টায় ৩৫টি গান গাইবেন এ আর রহমান
ফাইল ছবি
লক্ষ্য ও পরিকল্পনা ছিল অনেক কিছু করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের দুটি ক্রিকেট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও ছিল চূড়ান্ত।
সবকিছু ঠিক থাকলে এই মার্চেই শেরে বাংলা স্টেডিয়ামে ওই দুই ম্যাচ হতো। কিন্তু করোনার কারণে সেই ক্রিকেট উৎসব ভেস্তে গেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে না পারলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে অন্য মাত্রার সংযোজন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস।’
এই নামকরণে আয়োজন করা হয়েছে ভারত তথা বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সেই বহুল কাঙ্খিত কনসার্টটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবে। বসুন্ধরা গ্রুপ এ অনুষ্ঠানের অফিসিয়াল স্পন্সর। সহযোগী স্পন্সর হিসেবে ওয়ালটন আর ওরিয়ন গ্রুপও সম্পৃক্ত এ কনসার্টে।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, যেহেতু এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তাই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকায় হওয়া যে কোনো আন্তর্জাতিক আসরের চেয়ে অনেক বেশি ও কড়া নিরাপত্তা থাকবে।
মল্লিক যোগ করেন, ‘এই কনসার্ট ও বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের ম্যাচ আয়োজনের কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার কারণে তা পারিনি। তবে এবার সুযোগ হয়েছে কনসার্ট আয়োজনের।’
এদিকে জানা গেছে, এ আর রহমান ও তার সঙ্গীরা মিলে ৩ ঘণ্টায় ৩৫টি গান পরিবেশন করবেন। তার মধ্যে দুটি গান আছে বঙ্গবন্ধুকে নিয়ে লিখা। মূল শো’র আগে কনসার্টের স্টেজ রিহার্সেল করার জন্যই আগেভাগে (আজ দুপুরে) ঢাকায় এসেছেন এ আর রহমান। রাতে শেরে বাংলায় স্টেজ রিহার্সেলও হয়ে গেছে।
প্রসঙ্গত, এ কনসার্ট দেখতে তিন ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। এর মধ্যে স্টেজের সামনে মাঠের ভেতরে ‘প্লাটিনাম’ ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ হাজার টাকা। মাঠের ভেতরে ‘গোল্ড’ ক্যাটাগরির টিকিট এর দাম ৫ হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজের ব্রোঞ্জ ক্যাটাগরির প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা করে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এ টিকিট মিলবে।
এআরবি/এমএমআর/এএসএম