ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে টানা চতুর্থ জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মাইকেল ক্যারিকের অধীনে দারুণ ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১০ জনের টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রেড ডেভিলস।

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেন ব্রায়ান এমবিউমো ও ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের ২৯ মিনিটে। ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরোকে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন টটেনহ্যামের অধিনায়ক, আর্জেন্টাইন ফুটবলার ক্রিশ্চিয়ান রোমেরো। ১০ জনের দলে পরিণত হওয়ার পর চাপে পড়ে যায় হটস্পার্সরা।

এর নয় মিনিট পরই কর্নার থেকে এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের নেওয়া কর্নার থেকে কোবি মাইনুর ফ্লিক পেয়ে বক্সের ভিড়ের মধ্যে দিয়ে জালে বল পাঠান এমবিউমো।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে একাধিক সুযোগ তৈরি করে স্বাগতিকরা। অবশেষে ম্যাচের ৮১ মিনিটে দারুণ এক ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

এ জয়ের মাধ্যমে ২০২২ সালের পর প্রথমবার টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে জয় পেল ইউনাইটেড। অন্যদিকে, টটেনহ্যাম প্রিমিয়ার লিগে জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল।

ম্যাচে টটেনহ্যামের জন্য আরেকটি দুঃসংবাদ ছিল ডেসটিনি উদোগির চোট। এছাড়া রোমেরো লাল কার্ড দেখায় পরবর্তী কয় ম্যাচের নিষধাজ্ঞা পান, সে শঙ্কায় টটেনহ্যাম হটস্পার।

মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের পুনরুত্থান অব্যাহত থাকায় সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আইএইচএস/